সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের পাশে নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়কে পর্যাপ্ত মাটি না থাকায় বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। আজ (রোববার) একটি মালবাহী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির নির্মাণকাজ শেষ হলেও এর দু’পাশের সংযোগ সড়কে (অ্যাপ্রোচ রোড) প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি। ফলে ব্রিজের মূল কাঠামোর সাথে সড়কের উচ্চতার বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।
আজ পণ্যবাহী একটি ট্রাক ব্রিজে ওঠার সময় ভারসাম্য বজায় রাখতে না পেরে উল্টে যায়। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চালক ও সহকারী অল্পের জন্য রক্ষা পান।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে ব্রিজের এই বেহাল দশা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। মাটি ভরাট না করায় এই পথ দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
বিশেষ করে কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কটি পার হতে হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "ব্রিজ হয়েছে ঠিকই, কিন্তু মাটি না থাকায় এটি আমাদের জন্য এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
আজ ট্রাক উল্টেছে, কাল হয়তো বড় কোনো যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হবে।"
জনস্বার্থে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজের দু’পাশে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page