সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৯৫৩ পিস শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউতলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ভোরে সীমান্ত সংলগ্ন একটি মাঠের পাশে পরিত্যক্ত অবস্থায় মজুদ করা এসব অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page