সৌভিক পোদ্দার, ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর বাওড়ে মাছ ধরতে গিয়ে আশিক আহমেদ(২৯) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ (তিন) টা দিকে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য নওগা জেলার রানীনগর উপজেলার ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনসে মোটরযান শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে মঙ্গলবার সকালে গাড়ি মেরামতের জন্য আশিক আহমেদ মহেশপুর এসেছিলেন। গাড়ি মেরামত শেষে একজন অফিসার ও আরও ২(দুই) কনস্টেবলসহ আশিক আহমেদ মহেশপুর পান্তাপাড়া ইউনিয়নের পদ্মরাজপুর গ্রামের সস্তার বাওড়ে গোসল করতে গিয়েছিল। সেখানে তারা গোসল করার আগে বরশি দিয়ে মাছ ধরার চেষ্টা করে। এসময় হঠাৎ আশিক আহমেদ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, সঠিক কিকারণে আশিক আহমেদের মৃত্যু হয়েছে নিশ্চিৎ হওয়া যায়নি। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক জনিতকারণে মৃত্যুবরণ করেছেন। থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে পুলিশ লাইনসে জানাজা করে মরদেহ পরিবারের কাছে দেওয়া হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page