সৌভিক পোদ্দার, ঝিনাইদহ :
ঝিনাইদহ শৈলকূপায় মাদক ও পারিবারিক সহিংসতার এক পৈশাচিক ঘটনা প্রকাশ্যে এসেছে।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারী গ্রামে স্ত্রীকে তিন দিন ধরে আটকে রেখে হাতুড়িপেটা ও গলা কেটে হত্যার চেষ্টার জাহাঙ্গীর হোসেন নামে এক গাঁজা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পে তাকে হস্তান্তর করা হয়।
এই সময় তার কাছ থেকে ১৫ (পনের) পুরিয়া গাজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
৩(তিন) দিনের রুদ্ধদ্বার নির্যাতন স্থানীয় সূত্রে জানা যায়, মাইলমারী গ্রামের নির্জন মাঠের মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীরের বসতবাড়ি। গত ৩(তিন)দিন ধরে সে তার স্ত্রীকে ঘরের ভেতর আটকে রেখে পৈশাচিক নির্যাতন চালিয়ে আসছিল। মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায় শনিবার আবারও ওই গৃহবধূর ওপর চড়াও হয় জাহাঙ্গীর। একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে এবং ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালায়।
গৃহবধূর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গণরোষ ও পুলিশের ভূমিকা স্ত্রীর ওপর এমন অমানবিক নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত জাহাঙ্গীরকে ধরে গণধোলাই দেয়। পরে তার ঘর তল্লাশি করে ১৫ (পনের) পুরিয়া গাঁজা পাওয়া গেলে তাকে রশি দিয়ে বেঁধে রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে হেফাজতে নেয়।
গ্রামবাসী জানায়, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। নির্জন স্থানে বাড়ি হওয়ায় সেখানে মাদকের আড্ডা জমাত সে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং স্ত্রীর ওপর বর্বর হামলার প্রতিবাদে তারা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন।আইনি প্রক্রিয়া রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত জাহাঙ্গীর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আহত গৃহবধূর চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
ঝিনাইদহের এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page