নিজস্ব প্রতিনিধি :
জেলার কমলনগরের তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া একই উপজেলার মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে আরো দুইটি দোকান। দুইটি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে করে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তোরাবগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট ও মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীররাতে তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যব্সায়ীরা কমলনগর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় । ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ফলে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকানগুলোতে কাপড়, কসমেটিকস, হার্ডওয়্যার ও জুয়েলারি পণ্য বিক্রি করা হতো বলে ব্যবসায়ীরা জানান।
একই সময়ে মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আরো দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তোরাবগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কার দোকান থেকে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page