নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। জেলার প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শনিবার সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। পরবর্তীতে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।
প্রধান জামাতে অংশ নেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রোকুনুজ্জামান সরকার এবং জেলা প্রশাসক সাইফুর রহমান। নামাজ শেষে তারা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জানা গেছে, প্রধান ঈদগাহ ময়দানে অর্ধলক্ষাধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস এলাকার মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ জেলার মোট ২ হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page