
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ :
ঝিনাইদহ নতুন হাটখোলা বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ব্যবসায়ী মোঃ গোলাম বারি শেখ অভিযোগ করেছেন, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তিনি বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠান দখল ও আর্থিক ক্ষতির অভিযোগও তুলেছেন তিনি।
ঝিনাইদহ নতুন হাটখোলা বাজারে কাঁচামালের ব্যবসা করে আসছেন মোঃ গোলাম বারি শেখ। তিনি জানান, ২০০৫ সাল থেকে তিনি এই বাজারে কাঁচামালের আড়ৎ পরিচালনা করে আসছেন। কিন্তু বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে তাকে একাধিকবার নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের নেতা মুকাদ্দাস হোসেন জোরপূর্বক তার কাঁচামালের আড়ৎ অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন । তিনি বলেন, শুধু বিএনপির রাজনীতি করার কারণেই তাকে র্যাব দিয়ে গ্রেপ্তার করিয়ে টানা ৩৪ দিন জেল খাটানো হয়েছিল।
তিনি আরও দাবি করেন, নতুন হাটখোলা বাজার এলাকায় মুকাদ্দাস হোসেনের মাধ্যমে নারী, জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো।
গোলাম বারি শেখ বলেন, এত নির্যাতনের পরও ৫ তারিখের পর থেকে আমাকে বিএনপির পক্ষ থেকেও কোনো মূল্যায়ন করা হয়নি। আমি ঝিনাইদহ জেলা বিএনপিকে অনেকবার বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি।
তিনি আরও বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অন্য দোকান বসিয়ে দেওয়ায় তার কাস্টমারদের ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে এবং এতে তার ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে।
নিজেকে অসহায় দাবি করে গোলাম বারি শেখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টির সুষ্ঠু বিচার ও সমাধান দাবি করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page