
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযথ নিয়ম না মেনে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের অন্ধকারে রেখে কার্ড বিতরণের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের তিন নারী সদস্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নারী সদস্য রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগম সশরীরে উপস্থিত হয়ে এই অভিযোগ দাখিল করেন।
অভিযোগকারী সদস্যরা জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার ভূমিহীন, দিনমজুর ও দুস্থ পরিবারগুলোর জন্য প্রতি কার্ডে ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে তালিকা তৈরির কথা থাকলেও চেয়ারম্যান আনোয়ার হোসেন কাউকে কিছু না জানিয়ে নিজের পছন্দমতো ব্যক্তিদের মধ্যে কার্ড বিতরণ করেছেন।
ভুক্তভোগী নারী সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিবারই আমাদের পাশ কাটিয়ে কার্ড বিতরণ করা হয়। সাধারণ মানুষের কাছে আমাদের জবাবদিহি করতে হয়, অথচ আমরা কিছুই জানি না। বাধ্য হয়েই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।"
অভিযোগের বিষয়ে বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, কার্ডের স্বল্পতার কারণেই সবাইকে খুশি করা সম্ভব হয়নি। তিনি বলেন, "প্রথমে ২ হাজার কার্ড পাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা মাত্র ২০৮টি কার্ড পেয়েছি। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় বিতরণ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।"
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, "তদন্তের স্বার্থে আগামী রোববার সংশ্লিষ্ট চেয়ারম্যানকে কার্যালয়ে ডাকা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page