
সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারের হেমায়েতপুরে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ডিম ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। হামলায় ব্যবসায়ীর ১৩ বছর বয়সী ছেলে দা’র কোপে গুরুতর আহত হয়েছে। এ সময় হামলাকারীদের আঘাতে ব্যবসায়ীর ছোট ভাইও রক্তাক্ত জখম হন।
শনিবার (১৫ মার্চ) দুপুরে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. মামলত খান জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজের বাসার সামনে “হেমায়েতপুর এন্টারপ্রাইজ” নামে পাইকারি ডিমের ব্যবসা করে আসছেন। স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসানের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র বেশ কিছুদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান, দিপু, সাইফুল, নবী ও লিটনসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে মামলত খানের দোকানে হামলার উদ্দেশ্যে আসে। দোকান বন্ধ পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালায়।
এ সময় মামলত খান মসজিদে নামাজ পড়তে গেলে তাকে না পেয়ে হামলাকারীরা তার ১৩ বছর বয়সী ছেলে নেওয়াজ খানকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ছেলের চিৎকার শুনে এগিয়ে এলে মামলত খানের ছোট ভাই হৃদয় (৩২)কেও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মামলত খান সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page