
নিজস্ব প্রতিনিধি :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর বাকশাল আমলে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো চালু এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করেছিলেন।
আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পৌর উদ্যান কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমাধ্যমকে পুরোপুরি উন্মুক্ত করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করেছিলেন। কাজেই আগামী দিনে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।
তিনি বলেন, আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত একটা নিরাপদ জেলা গড়ে তুলতে চাই। এসময় তিনি টাঙ্গাইলকে আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন।
টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ।
ইফতার মাহফিলে জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, জেলা ব্যাবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীষ শেখরসহ টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page