
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শ্রীঘর গ্রামের আরুশ মিয়ার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন একই গ্রামের নুরধন মিয়ার ছেলে শাহজাহান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও শাহজাহান সেই টাকা পরিশোধ করেননি। এই পাওনা টাকাকে কেন্দ্র করে মঙ্গলবার আরুশ মিয়া ও নুরধন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।
গতদিনের তর্কের জের ধরে আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র (টেঁটা, বল্লম, লাঠিসোঁটা) নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সৃষ্টি। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page