
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
গরুর ব্যবসায়ীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ঝিনাইদহ শৈলকূপা পৌরসভার হাবিবপুর পশুরহাট বর্জনের ঘোষণা দিয়েছেন সম্মিলিত গরু ব্যবসায়ীরা।
সোমবার বিকেলে উপজেলার কাঁচেরকোল বাজারে আয়োজিত এক আলোচনা সভা থেকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় স্থানীয় গরু ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি হাবিবপুর পশুর হাটে এক গরু ব্যবসায়ীকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা বলেন, হাটে ব্যবসায়ীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সভায় বক্তারা আরও জানান, আগামীকাল মঙ্গলবার শৈলকুপার হাবিবপুর এলাকায় অনুষ্ঠিতব্য অত্র অঞ্চলের সর্ববৃহৎ গরুর হাটে তারা অংশ নেবেন না। দাবি পূরণ ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত হাট বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে ব্যবসায়ী নেতারা ঘোষণা দিয়েছেন।
ব্যবসায়ীদের দাবি, হাটে শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে লাঞ্ছিত ব্যবসায়ীর প্রতি ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে আসন্ন হাটে ক্রয় বিক্রয়ে প্রভাব পড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page