
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ দিয়ে যাওয়ার সময় এক কলেজপড়ুয়া তরুণকে কফি বিক্রি করতে দেখে তার জীবন সংগ্রামের গল্প ফেসবুকে তুলে ধরেন স্থানীয় সাংবাদিক আবু বক্কর সিদ্দিক স্বপন। সেই মানবিক গল্পটি নজরে আসে কানাডা প্রবাসী এম এ তারিক-এর। তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করেন নবগঙ্গা রক্ষা পরিষদ-এর আহ্বায়ক খান এস এম জাহান শিমুল-এর সঙ্গে। পরে তাদের উদ্যোগে আরও কয়েকজন শুভানুধ্যায়ী একত্রিত হয়ে কলেজ শিক্ষার্থী আল জাবেরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সেই সিদ্ধান্ত মত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি )বিকাল ৪টায় ঝিনাইদহের দেবদারু এভিনিউতে আল জাবেরকে একটি ফুডগাড়ি উপহার দেওয়া হয়। নতুন এই ফুডগাড়ির মাধ্যমে আল জাবের এখন আরও স্বচ্ছলভাবে তার কফি বিক্রির কাজ চালিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ফুড গাড়ি প্রদানের সময় ঝিনাইদহ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সংগ্রামী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। আল জাবেরের মতো পরিশ্রমী তরুণদের সহযোগিতা করা হলে তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবে।
উল্লেখ্য, আল জাবের পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ধরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন এলাকায় কফি বিক্রি করে আসছিল।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page