
মাসুম বিল্লাহ-খুলনা :
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে খুলনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম।
এবারের ভোটার দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিবসের প্রধান লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে ভোটার হতে উদ্বুদ্ধ করা।
তিনি আরও উল্লেখ করেন, ১৬ বছর বয়স হলেই একজন নাগরিক ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।ভোটার হলে একজন নাগরিক রাষ্ট্রপ্রদত্ত ২২ ধরণের বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন।ভোটার ডাটাবেজ তৈরির সময় কোনোভাবেই যেন কোনো রোহিঙ্গা নাগরিক নিবন্ধিত হতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদের ইমামদের খুতবার আগে প্রচারণার চালানোর আহ্বান জানানো হয়।
সভায় ২ মার্চ দিবসের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়:
সকাল ১০:৩০ মিনিট: খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
সকাল ১১:১৫ মিনিট: আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা ও নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ।
সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: সোহেল সামাদ, কেএমপির উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মাসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উৎস: বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page