
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৫টি শ্যালো মেশিন ভাঙচুর ও জব্দ করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ এরাম খান।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ভাঙচুর ও জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করতোয়া নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page