প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
গফরগাঁও তে ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

মোঃ আহসান হাবীব :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অভয় দিয়ে মাইকিং করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান-এর পক্ষে পৌরসভা ও আশপাশের এলাকায় এ মাইকিং করা হয়।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল জানান, বেআইনি কর্মকাণ্ড ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়নে মাইকিং কার্যক্রম পরিচালিত হয়।
গফরগাঁও পৌরসভা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক কামাল বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে এ উদ্যোগকে ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদ বোধ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রাওনা ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন আরাফাত বলেন, তাঁদের সংসদ সদস্য সমৃদ্ধ গফরগাঁও গড়তে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই অংশ।
সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী দল বা অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষকে অভয় ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ মাইকিং কর্মসূচি নেওয়া হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫