
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) :
মোল্লাহাট উপজেলা এলাকায় মুদি দোকানে অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার চর আটজুড়ী এলাকার ইসাকের মোড়ে অবস্থিত একটি মুদি দোকানে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বেশি দামে সার বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, চর আটজুড়ী গ্রামের বাসিন্দা মোঃ মফিজ শিকদার (পিতা: দুলাল শিকদার) তার মুদি দোকানে সরকারি অনুমোদন ছাড়াই রাসায়নিক সার বিক্রি করে আসছেন। বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে কথা বললে তিনি বলেন, “আমি দু-চার বস্তা সার বিক্রি করি। কীটনাশকের লাইসেন্স নবায়নের জন্য দিয়েছি। সারের কোনো লাইসেন্স নেই।”
স্থানীয় কৃষকদের দাবি, উপজেলার বিভিন্ন স্থানে একইভাবে অবৈধভাবে সার বিক্রি হচ্ছে। এতে একদিকে কৃষকরা ন্যায্যমূল্যে সার থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সরকার নির্ধারিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে। কৃষকদের অভিযোগ, অনুমোদনবিহীন দোকান থেকে সার কিনতে গিয়ে তারা বেশি দাম গুনছেন এবং সারের মান নিয়েও সংশয় রয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকালে এ বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন তৈরির লক্ষ্যে তথ্য সংগ্রহ করতে গেলে চর আটজুড়ী এলাকায় বাধার সম্মুখীন হতে হয়।এ সময় রাসেল ফকির (পিতা: আব্দুর রহমান পটু ফকির), গ্রাম: কদমতলা, নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কর্মী পরিচয় দিয়ে তথ্য সংগ্রহে বাধা দেন। ফোনে হুমকি দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কৃষি বিভাগ বা উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের জোর দাবি—দ্রুত তদন্ত করে অবৈধভাবে সার বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি জোরদার করা হোক।
কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাই অবৈধ সার ব্যবসা বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page