
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়ার :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে ইমন (২৫) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি ছুড়েছে প্রতিপক্ষের লোকজন। আজ ১৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় থোল্লাকান্দি গ্রামের বাদ্যকর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন মিয়ার ছেলে ইমনের ওপর সন্ধ্যায় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় তাকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি করা হয়। এতে ইমন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আক্রমণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির বিকট শব্দে পুরো বাদ্যকর পাড়া এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ ইমনকে প্রথমে স্থানীয়ভাবে উদ্ধারের পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনার পর থেকে থোল্লাকান্দি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কায় সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ও ভীতি ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার প্রস্তুতি চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page