
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ নসের মার্কেটের ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ১০মিনিটের দিকে হঠাৎ গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী চিৎকার শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। টানা প্রচেষ্টার পর আনুমানিক রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুনের কারণে গুদামে থাকা বিপুলহ পরিমাণ ঝুট পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অসতর্কতার কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামের মালামাল পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page