
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০২ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দাড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল করিম। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৯,৭৯৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন মনিটরিং সেল কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী আসনটির মোট ১১৮টি ভোটকেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফলে বিজয়ী প্রার্থী মো. আব্দুল করিম (দাড়ি-পাল্লা) পেয়েছেন মোট ১,২১,০৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ) পেয়েছেন ৯১,৩০৩ ভোট। অন্যদিকে, মো. আব্দুর রশীদ সরকার (লাঙ্গল) ২০,৯৮৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
১১৮টি কেন্দ্রের সবকটি থেকে শতভাগ ফলাফল প্রাপ্তির পর বেসরকারিভাবে মো. আব্দুল করিমকে বিজয়ী ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর স্থানীয় সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল করিম তাঁর প্রতিক্রিয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, "এই বিজয় জনগণের আস্থার প্রতিফলন। আমি আগামী দিনে গাইবান্ধা সদরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page