
মাসুম বিল্লাহ-খুলনা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। আজ রোববার বিকেলে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধানের শীষের প্রতীকের সমর্থনে এক বিশাল গণসংযোগ ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বিকেলে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে ছোট ছোট মিছিল এসে প্রধান মিছিলে যোগ দেয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাক শ্রমিকদের মতবিনিময় সভাস্থলে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ধানের শীষের প্ল্যাকার্ড এবং প্রার্থীর ছবি সংবলিত লিফলেট দেখা যায়। মিছিল থেকে 'ধানের শীষ' ও 'জিয়া-খালেদা-তারেক' এর সমর্থনে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় আসাদুজ্জামান মুরাদ বলেন, "খুলনা-২ আসনের মাটি ও মানুষ ধানের শীষের ঘাঁটি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ খুলনার মানুষ ঐক্যবদ্ধ। নজরুল ইসলাম মঞ্জু ভাইয়ের জয় মানেই খুলনার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকারের জয়।" তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভোটাররা এই 'ধানের শীষ'কে বিজয়ী করবে।
মিছিলে খুলনা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসাদুজ্জামান মুরাদ প্রতিটি দোকানে ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page