
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নির্বাচনী ময়দান এখন উত্তাল। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস তার রাজনৈতিক সংকল্প ও আগামীর রূপরেখা ঘোষণা করেছেন।
বিপুলসংখ্যক সমর্থকদের উপস্থিতিতে জনসভাটি এক জনসমুদ্রে পরিণত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী তাপস তার দলীয় বহিষ্কারাদেশ নিয়ে সাহসী মন্তব্য করেন। তিনি বলেন:
"ইনশাআল্লাহ, এই বহিষ্কার থেকেই নবীনগরে হবে নতুন আবিষ্কার। আমাকে দল থেকে সরিয়ে দিলেও জনগণের মন থেকে সরাতে পারবে না।"
তিনি আরও যোগ করেন যে, এলাকার মা-বোনেরাই তার প্রধান শক্তি এবং তাদের দোয়া ও সমর্থন নিয়ে তিনি বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন।
নির্বাচনে জয়ী হতে পারলে নবীনগরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা দাবি করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নবীনগরের সাধারণ মানুষ 'ফুটবল' প্রতীকের পক্ষে যে গণজোয়ার তৈরি করেছে, তা কেউ থামিয়ে রাখতে পারবে না।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ফুটবল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে।
নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে আসায় স্বতন্ত্র এই প্রার্থীর এমন শক্ত অবস্থান পুরো নির্বাচনী এলাকায় নতুন সমীকরণের জন্ম দিয়েছে।
এখন সাধারণ ভোটারদের অপেক্ষা ১২ ফেব্রুয়ারির মাহেন্দ্রক্ষণের।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page