
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নির্বাচনী প্রচারণায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতুলি গ্রামের এমরান নামের এক যুবক ফেসবুক লাইভে এসে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী ব্যানার পুড়িয়ে এবং অশালীন মন্তব্য করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এমরান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি (লাইভ) এসে প্রকাশ্যে কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন।
এ সময় তিনি প্রার্থীর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন ভাষা ব্যবহার করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ভোটার ও প্রার্থীর সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিচার দাবি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং জনসম্মুখে উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য ওই যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
বড়াইল ইউনিয়নসহ উপজেলার সাধারণ মানুষ ও কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা অবিলম্বে এমরানকে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে পারে।
এ বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page