
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫১ বছর।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে নুরুজ্জামান বাদল হঠাৎ শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহে নেওয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে তাঁর ভাই মাসুদ নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, শেরপুর জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল কিডনিজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ তা’য়ালার কাছে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page