প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
ধানের শীষে ভোট দিয়ে গফরগাঁওকে মানবিক ও আধুনিক অঞ্চল হিসেবে গড়ার আহ্বান

মোঃ আহসান হাবীব :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, নির্বাচিত হলে তিনি গফরগাঁওকে একটি মানবিক, আধুনিক ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলবেন।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গফরগাঁও ও পাগলা থানা এলাকার মানুষ নানা দিক থেকে অবহেলিত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে তিনি স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও ও পাগলা থানার অবহেলিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এতে করে এই অঞ্চলের মানুষকে আর ঢাকাসহ অন্য জেলায় চিকিৎসার জন্য ছুটতে হবে না।
তিনি আরও বলেন, গফরগাঁওকে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা করা হয়েছে। শিল্পায়নের মাধ্যমে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিকভাবে এলাকা আরও শক্তিশালী হবে।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, গফরগাঁওকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত জনপদে রূপান্তর করা হবে। এজন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন। এ লক্ষ্যে মাদকাসক্তদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আল্লাহ যদি তাকে এই এলাকার সেবক হিসেবে কবুল করেন, তাহলে তিনি সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য গফরগাঁও ও পাগলা থানাবাসীর প্রতি বিনীত আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬