
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে জমে উঠেছে নির্বাচনী মাঠ। সংসদীয় আসন ঢাকা-১৭–এর প্রচারণার অংশ হিসেবে আজ ওয়ারলেস গেট থেকে শুরু হয়ে টিভি গেট হয়ে তিতুমীর কলেজে গিয়ে শেষ হয় এক বিশাল গণসংযোগ ও প্রচার মিছিল।
এই গণসংযোগে অংশগ্রহণ করেন ঢাকা-১৭ আসনের বীর মুক্তিযোদ্ধা সম্মানীয় সমন্বয়ক আবদুস ছালাম এবং সহসমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
নেতারা জানান, আজ থেকে প্রতিদিন এই প্রচারণা অব্যাহত থাকবে এবং নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত ধারাবাহিকভাবে গণসংযোগ পরিচালিত হবে। প্রচারণাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্লোগানে স্পষ্ট হয়ে উঠেছে—ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যে জনজোয়ার সৃষ্টি হয়েছে।
এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রার্থী হিসেবে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, দীর্ঘদিনের বঞ্চনা ও অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে ঢাকা-১৭ আসনকে একটি পরিকল্পিত ও আধুনিক “মডেল ঢাকা” হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন তারা।
তারেক রহমান নিজেও এই আসন থেকে নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। উন্নত নাগরিক সেবা, পরিকল্পিত অবকাঠামো, শিক্ষাবান্ধব ও মানবিক ঢাকা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
যদিও এই আসনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর ডা. খালিকুজ্জামানের নাম আলোচনায় রয়েছে, তবে মাঠপর্যায়ের পরিস্থিতি ও জনসমর্থনের বিচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন বলেই রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা ধারণা করছেন।
সব মিলিয়ে ঢাকা-১৭ আসনে এবারের নির্বাচন ঘিরে ধানের শীষের পক্ষে যে গণউচ্ছ্বাস তৈরি হয়েছে, তা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page