জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ীতে যমুনা গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় ৮ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক আন্দোলন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল থেকে কারখানার গেট এলাকায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—ডিরেক্টর কাজলকান্তির বাধ্যতামূলক পদত্যাগ, বাৎসরিক ছুটির বকেয়া টাকা আগামী ২৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে পরিশোধ এবং ভবিষ্যতে প্রতি বছর ডিসেম্বর মাসে বাৎসরিক ছুটির টাকা প্রদান। পাশাপাশি টিফিন বিল ৫০ টাকা নির্ধারণ এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে ১৫০ টাকা নাইট বিল দেওয়ার দাবিও জানানো হয়।
এছাড়া হেলপার থেকে অপারেটর পর্যন্ত সকল শ্রমিককে হাজিরা বোনাস হিসেবে ১ হাজার টাকা প্রদান, প্রতি মাসের ৩ থেকে ৪ তারিখের মধ্যে বেতনের পে-স্লিপ সরবরাহ এবং ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি করা হয়। যদি ৭ তারিখ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হয়, তাহলে আগের দিন ৬ তারিখে বেতন পরিশোধের কথাও দাবির তালিকায় উল্লেখ করা হয়।
শ্রমিকদের আরও দাবির মধ্যে রয়েছে—জরুরি প্রয়োজনে ছুটি মঞ্জুর করা, ফ্লোরে কোনো স্টাফ যেন শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ বা অশালীন ভাষায় গালাগাল করতে না পারে এবং কোনো শ্রমিক স্টাফের বিরুদ্ধে অভিযোগ করলে তাৎক্ষণিক ও সরাসরি ব্যবস্থা গ্রহণ করা।
যমুনা গার্মেন্টসের শ্রমিক সাজু জানান, সকালবেলা শ্রমিকরা নিয়ম অনুযায়ী কারখানার গেটে উপস্থিত হয়ে ৮ দফা দাবি তুলে ধরেন। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করানোর পর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে নারী শ্রমিকসহ অনেক শ্রমিক আহত হন। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে যমুনা গ্রুপ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page