
নাজমুল আহসান-গাজীপুর :
গাজীপুর জেলার পাঁচটি জাতীয় সংসদ আসনে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,
গাজীপুর–২ জাতীয় সংসদ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারসহ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের কয়েকজন মনোনীত প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ৪২ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন।
মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে সালাউদ্দিন সরকার বলেন—
“নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আলম হোসেন জানান,
গাজীপুর জেলার পাঁচটি আসনে মোট ৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পরবর্তী ধাপে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page