
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িগ্রাম কাজলিয়া গ্রামের বাজারে সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় প্রভাবশালী চক্রের যোগসাজশে আরসিসি পিলার ও রড-সিমেন্ট ব্যবহার করে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হলেও রহস্যজনক কারণে প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।
খাল ভরাট ও নৌপথ বন্ধ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০-৩৫ বছর ধরে এই এলাকার পূর্ব দিকের দোকান মালিকরা পশ্চিমে খালের জায়গা দখল করে আসছে। এক সময় এই খাল দিয়ে বর্ষার মৌসুমে চারগাঁও, কাজলিয়া বাজার থেকে গোকর্ণঘাট ও নাটঘরসহ বিভিন্ন গ্রামে নৌকা চলাচল করত। কিন্তু গত ৪-৫ বছর ধরে অবৈধ দখলের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নৌ-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বর্তমানে খালটি ভরাট করে দোকান তোলার এক ‘মহোৎসবে’ মেতেছে স্থানীয় প্রভাবশালীরা।
অভিযুক্তের দাপট ও হুমকি
অভিযোগের মূল তীর কুড়িগ্রাম কাজলিয়া গ্রামের কামাল মিয়ার ছেলে নুরুল আমিনের বিরুদ্ধে।
তিনি সরকারি খালের ওপর আরসিসি কাঠামো দিয়ে অবৈধভাবে দোকান ঘর তুলছেন। স্থানীয়দের দাবি, যার প্রভাব যত বেশি, সে তত বেশি জায়গা দখল করে মালিক সেজে দোকান ভাড়া দিচ্ছে। প্রতিটি দোকান থেকে মাসে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই অবৈধ কাজের প্রতিবাদ করলেই নুরুল আমিন ও তার অনুসারীরা হুমকি-ধমকি দেয়। এমনকি অনেক সময় সাংবাদিক ও প্রশাসনের লোকজন এলাকায় আসলেও অজ্ঞাত কারণে কোনো সংবাদ প্রকাশ হয় না বা উচ্ছেদ অভিযান চলে না।
স্থানীয়দের ভাষায়, “টাকা দিলে কাম হয়, টাকা না দিলে কাম বন্ধ।”
এ বিষয়ে অভিযুক্ত নুরুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জন জাগরণকে সঠিক উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করেন তারা কোন ‘ক্লাবের’ সদস্য। এক পর্যায়ে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমি পরে আপনাদের সাথে যোগাযোগ করব।”
এই বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মুঠোফোনে তিনি জন জাগরণকে বলেন, “আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
সরকারি সম্পদ রক্ষা এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন নাটঘর ইউনিয়নের সাধারণ মানুষ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page