
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় ধরনের সাংগঠনিক ও সামাজিক সফরে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলায় তাঁর এই সফর অনুষ্ঠিত হবে। সফরকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে বিশেষ নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরটি মূলত রাজনৈতিক শোডাউনের চেয়ে ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সফরের প্রধান লক্ষ্যগুলো হলো,জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ 'জুলাই যোদ্ধা' এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত,শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন,প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ।
*বিস্তারিত সফরসূচি (১১ - ১৪ জানুয়ারি ২০২৬)
**১১ জানুয়ারি (১ম দিন) ঢাকা থেকে যাত্রা শুরু। গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়। টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত। রাতে বগুড়ায় রাত্রিযাপন।
**১২ জানুয়ারি (২য় দিন) সকালে বগুড়ার আলতাফুননেছা মাঠে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ। এরপর রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত। রাতে ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন।
**১৩ জানুয়ারি (৩য় দিন) ঠাকুরগাঁও থেকে যাত্রা শুরু করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময়। রাতে রংপুরে রাত্রিযাপন।
**১৪ জানুয়ারি (৪র্থ দিন) রংপুরে কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বগুড়া (গাবতলী) হয়ে পুনরায় ঢাকায় প্রত্যাবর্তন।
তারেক রহমান আসন্ন ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কারণে তাঁর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে সরকার, নির্বাচন কমিশন (ইসি), সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে নিরাপত্তার আবেদন জানানো হয়েছে। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা টিমের (সিএসএফ) সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
সফরকালে কোনো ধরনের বিশাল জনসভা বা আচরণবিধি লঙ্ঘনকারী শোডাউন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। তিনি পুরোপুরি নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন।
দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। তাঁর পৈতৃক নিবাস 'গ্রিন এস্টেট' ইতিমধ্যে সংস্কার করা হয়েছে।
সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (সন্তোষ, টাঙ্গাইল),শহীদ আবু সাঈদ (পীরগঞ্জ, রংপুর),তৈয়বা মজুমদার (তারেক রহমানের নানি),জুলাই-আগস্ট আন্দোলনে নিহত অন্যান্য যোদ্ধাদের কবর জিয়ারত করবেন।
এই সফরের মাধ্যমে তারেক রহমান তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী সামাজিক বার্তা দিতে চাচ্ছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page