
নিজস্ব প্রতিনিধি :
অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বর্তমান সরকারের মেয়াদে তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে কি না— একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এটি সম্ভব হবে না।’
তিনি বলেন, ‘সরকার টার্মিনালটি চালু করতে জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে আলোচনা ও বৈঠকসহ ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা সফল হয়নি।’
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বর্তমানে টার্মিনাল কমিশনিংয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগত শর্ত পূরণ এবং ভবিষ্যৎ কার্যক্রমের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার উদ্যোগ চলছে।’
তিনি উল্লেখ করেন, ‘টার্মিনাল উদ্বোধনের চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকার গ্রহণ করবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page