জহুরুল ইসলাম জপি-শেরপুর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থিত একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনকালে তাঁরা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের পরিবেশ এবং ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তাঁরা ভোটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন এনএসআই-এর উপপরিচালক, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page