
রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট :
রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন এবি পার্টি মনোনীত বাগেরহাট–১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের আয়, ব্যয় ও সম্পদের পূর্ণাঙ্গ হিসাব জনসম্মুখে প্রকাশ করে তিনি ভোটারদের কাছে একটি স্পষ্ট ও সাহসী বার্তা দিয়েছেন।
পোস্টে মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ফ্যাসিবাদী শাসনামলে তার আয়-রোজগার কার্যত বন্ধ ছিল। তবে আগস্টে হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতি মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় নিজের পেশাগত কার্যক্রম শুরু করতে সক্ষম হন। সে সময় থেকে জুন ২০২৫ পর্যন্ত তার পেশা থেকে নিট আয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
তিনি আরও জানান, ২০২৫–২৬ কর বছরে মাত্র ১০ মাসেই তিনি নিয়মিতভাবে ৪ লাখ ৩০ হাজার টাকা আয়কর প্রদান করেছেন, যা তার কর সচেতনতা ও আইন মানার মানসিকতার প্রতিফলন।
ব্যক্তিগত আর্থিক অবস্থার বিষয়ে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, তার নামে বা যৌথভাবে কোনো ব্যাংক ঋণ নেই, তিনি কখনো খেলাপি হননি এবং তার বিরুদ্ধে কখনো কোনো মামলা হয়নি। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি এবং ঢাকায় শেয়ারের মাধ্যমে কেনা অজুতাংশ জমি ছাড়া তার কোনো উল্লেখযোগ্য স্থাবর সম্পত্তি নেই।
ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য তুলে ধরে তিনি বলেন, পূর্বে খোলা তিনটি ব্যাংক হিসাব এবং নির্বাচন উপলক্ষে খোলা একটি নতুন হিসাব ছাড়া তার আর কোনো হিসাব নেই। এছাড়া তার স্ত্রীর বিবাহকাল থেকে এ পর্যন্ত প্রাপ্ত ও ক্রয়কৃত স্বর্ণের পরিমাণ আনুমানিক ২০ ভরি।
তিনি জানান, তার উপার্জনের একটি বড় অংশ রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কার্যক্রমে ব্যয় হয়েছে। সব মিলিয়ে তার মোট সম্পদের ক্রয়মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
সবশেষে মোহাম্মদ আমিনুল ইসলাম দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, তিনি কখনো ঘুষ, কমিশন, চাঁদা কিংবা কোনো ধরনের দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন সংসদ সদস্য প্রার্থীর এমন স্বতঃস্ফূর্তভাবে সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ বাংলাদেশের রাজনীতিতে বিরল ও সময়োপযোগী উদ্যোগ। এতে ভোটারদের মধ্যে আস্থা তৈরির পাশাপাশি স্বচ্ছ রাজনীতির নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page