
মাসুম বিল্লাহ-খুলনা :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় শোকাতুর মানুষের ঢল নামে। এই বিশাল শোক মিছিলে হাজারো নেতা-কর্মীর সাথে অংশ নেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা খুলনা-২ আসনের বিএনপি মনোনীত 'ধানের শীষ'-এর প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বুধবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তাকে অত্যন্ত আবেগপ্রবণ ও অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক এবং প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে নজরুল ইসলাম মঞ্জু বারবার কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ভারী গলায় বলেন,"বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের মা। তার মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীন ছিলেন, যা আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। খুলনাবাসীর পক্ষ থেকে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।"
নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা থেকে এক বিশাল প্রতিনিধি দল ঢাকায় উপস্থিত হয়। এই শোকাতুর দলে খুলনার বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে, আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু,মনিরুজ্জামান মনি,নজরুল ইসলাম বাবু,ইউসুফ হারুন মজনু সহ খুলনার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক প্রিয় নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে ঢাকায় আসেন। জানাজার পর থেকে শেরেবাংলা নগরে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত মঞ্জু নেতাকর্মীদের সাথে অবস্থান করেন।
উল্লেখ্য যে, গত ৩০ ডিসেম্বর সকালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ জানাজা শেষে তাকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।
খালেদা জিয়ার প্রয়াণে খুলনার রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। নজরুল ইসলাম মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ তার স্মরণে খুলনায় দোয়া ও মিলাদ মাহফিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page