
মো. মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। মাদ্রাসা শিক্ষা আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধ শেখায়।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় নগরীর বসুপাড়া নূরানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারে। অভিভাবক এবং শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টাই পারে একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে।”
অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার তুলে দেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবকরা তাদের সন্তানদের পড়ালেখার পরিবেশ ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সাবেক এই সংসদ সদস্য উপস্থিত সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার শান্তি ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুরাদ ,জাফরউল্লাহ খান সাচ্চু,অধ্যাপক আরিফুজ্জামান অপু,শরিফুল ইসলাম বাবু,ইউসুফ হারুন মজনু,শামসুজ্জামান চঞ্চল, মাজহারুল ইসলাম,আসিফ,শেখ বায়েজীদ।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক এবং বিপুল সংখ্যক অভিভাবক সভায় উপস্থিত ছিলেন। সভার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page