
মাসুম বিল্লাহ-খুলনা :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে নগরীর টাউন জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেন, "বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ভূমিকা রেখে চলেছেন। দীর্ঘ নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েও তিনি কখনো মাথা নত করেননি। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন—এই মুহূর্তে তার জন্য দেশ-বিদেশের কোটি মানুষ দোয়া করছেন।"
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি আরও বলেন, "দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। এটি শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রকামী মানুষের জন্যও একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক ঘটনা। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এই প্রত্যাশা আজ জনগণের।"
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধার কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রবিউল হোসেন, আশরাফুল ইসলাম নূর, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, গণধিকার পরিষদের নেতা বিল্লাল হোসেন, বিএনপি নেতা মুর্শিদুর রহমান লিটন, শামসুল বারী পান্নাসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page