
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা উপজেলায় সরকারি জমি দখলের অভিযোগ বারবার করা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ডে মানববন্ধনে বক্তারা জানান, সম্পত্তিটি সরকারি ২০/৮২ নম্বর ভিপি সম্পত্তি। উক্ত সম্পত্তি সিএস, এসএ ও আরএস খতিয়ানে প্রজা কামিনী সুন্দরীর নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত ছিল। কামিনী সুন্দরী ১৯৬৫ সালে দেশ ত্যাগ করে ভারতে চলে গেলে জমিটি বাংলাদেশ সরকার ভেস্টেড প্রপার্টি হিসেবে নিজ দখলে নেয়।
পরবর্তীতে সরকারিভাবে ২০/৮২ নম্বর ভিপির আওতায় ১৯৯০ সাল থেকে বাংলা ১৪৩১ সাল পর্যন্ত নিয়মিত লিজ প্রদান করা হচ্ছে। তবে অভিযোগ অনুযায়ী, পত্নীতলা সাব-রেজিস্ট্রি অফিস অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার সুযোগ নিয়ে ১৯৬৮ ও ১৯৭০ সালে কামিনী সুন্দরীর নাম ব্যবহার করে একটি পক্ষ জাল ও ভুয়া দলিল তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্তমানে অভিযুক্তদের সরকারি জমিতে কোনো বৈধ দখল নেই। সরকারি সম্পত্তি আত্মসাত আইনত দণ্ডনীয় অপরাধ হলেও এ বিষয়ে প্রশাসন এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
মানববন্ধন শেষে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page