
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহে যখন জনজীবন চরম দুর্ভোগে পড়েছে, তখন মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ। উত্তরের শীতপ্রবণ জেলা নীলফামারির জলঢাকা ও ডোমার উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করে সংস্থাটি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার নীলফামারি জেলার জলঢাকা ও ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৮৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় ১২০০টি কম্বল, ৫০০টি মহিলাদের শাল এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়, যা শীতের তীব্রতা মোকাবিলায় বিশেষভাবে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, অর্থের অভাবে যারা শীতবস্ত্র ক্রয়ে অক্ষম—বিশেষ করে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও অসহায় নারীদের অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। পরে সংস্থার প্রতিনিধিরা সরেজমিনে যাচাই-বাছাই করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের প্রজেক্ট অফিসার। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, জাকাত ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“তীব্র শীতে উত্তরের মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের কষ্ট সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে জাকাত ফাউন্ডেশনের শীতবস্ত্র ও রুম হিটার বিতরণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের অন্য বিত্তবানদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।”
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর এমন সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে। তারা জাকাত ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা শুধু নীলফামারি নয়, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলাসহ দেশের বিভিন্ন শীতপ্রবণ অঞ্চলে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরে সংস্থাটি সারাদেশে সর্বমোট ৩৬০০টি কম্বল, ১৫০০টি শাল এবং ৫০০টি রুম হিটার বিতরণ করছে।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এই মানবিক উদ্যোগে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং সমাজের সর্বস্তরের মানুষ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page