
আকতারুজ্জামান-তানোর (রাজশাহী) :
রাজশাহীর তানোর পৌরসদর এলাকায় বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় বয়োবৃদ্ধ নারী বানুর বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত গভীর রাতে হঠাৎ করে বানুর ঘরে আগুন লাগে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই ঘরসহ আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এ সময় আগুনে একটি গাভী, একটি বাছুর ও একটি খাসিও পুড়ে মারা যায়।
বানুর বোনের ছেলে সাফিউল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট অথবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়লে বানু ঘরের ভেতরেই আটকা পড়েন।
প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে ঘরের দেয়াল ভেঙে বানুকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই ঘরবাড়ি ও গবাদিপশু সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অসহায় বানুর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page