
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে নগরীর গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা নজরুল ইসলাম মঞ্জু। এসময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ও আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৫৪ বছরে যা অর্জিত হয়নি, জাতি আজ ঐক্যবদ্ধভাবে তা অর্জন করতে চায়। তিনি বর্তমান সময়কে ‘নতুন বাংলাদেশ’ গড়ার এবং প্রকৃত গণতান্ত্রিক যাত্রা শুরুর উপযুক্ত সময় হিসেবে অভিহিত করেন।
বক্তব্যের শুরুতেই তিনি মহান স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বগাঁথা তুলে ধরে বলেন, "১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর জেড ফোর্সের কমান্ডার মেজর জিয়াউর রহমান পাক হানাদার বাহিনীর হাত থেকে সিলেট মুক্ত করেছিলেন। তার অকুতোভয় নেতৃত্বের কাছে সেদিন ১২৫ জন পাকিস্তানি অফিসার ও ৭০০ জন সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।"
নজরুল ইসলাম মঞ্জু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ৫৪ বছরে জাতি যা অর্জন করতে পারেনি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া এই ‘নতুন বাংলাদেশে’ আমরা তা অর্জন করতে চাই।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ একটি শোষণমুক্ত, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়। আমরা এমন এক গণতান্ত্রিক যাত্রা শুরু করতে চাই, যেখানে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত থাকবে। বিজয় দিবসের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।”
ভোরের আলো ফোটার সাথে সাথেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে গল্লামারী স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন। তারা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, আসাদুজ্জামান মুরাদ, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, হাফিজুর রহমান মনি,শেখ জামিরুল ইসলাম জামিল, শমসের আলী মিন্টু, মাজহারুল ইসলাম, আসিফ, শেখ বায়েজীদ, শাহিন, মাসুম বিল্লাহ সহ খুলনা মহানগর ও জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও হাজারো কর্মী। তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ গ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা শহীদদের প্রতি স্যালুট জানান এবং বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page