
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কথিত অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় আহতদের কাছ থেকে কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় ভুক্তভোগী মোসাঃ নুপুর বেগম (৪০), স্বামী মোঃ আঃ মালেক, সাং মৌচাক চেয়ারম্যান বাড়ি রোড, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৌচাক এলাকার তেলিরচালা হাজী মার্কেট সংলগ্ন এলাকায় বসবাসকারী ইকবাল হোসেন (৩৬), পিতা মৃত গনি মাতাব্বরের বাড়িতে একটি কক্ষে কয়েকজন নারী দিয়ে অসামাজিক কার্যকলাপ চলছিল—এমন তথ্য পেয়ে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টায় নুপুর বেগমের ছেলে বাধন (২৩) ও তার বন্ধু সোহেল (২৬) এবং সাফিন (পিতা মৃত আঃ আওয়াল), সাং মৌচাক চেয়ারম্যান বাড়ি রোড ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায়। এ সময় অভিযুক্তরা তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
পরবর্তীতে একইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় নুপুর বেগম তার ছেলে বাধন (২৩), লিখন (১৬) এবং প্রতিবেশী শিউলী আক্তার (২৬), স্বামী মমিনসহ বিষয়টি জানার জন্য ইকবাল হোসেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা তেলিরচালা হাজী মার্কেট এলাকায় পৌঁছালে অভিযুক্ত ইকবাল হোসেনের নেতৃত্বে সেন্টু (৪৮), পিতা মৃত মধু খান, শফি (৫০), পিতা অজ্ঞাত, ইসমাইল হোসেন (২৮), পিতা আবুল কাশেম, সবুজ (২৭), পিতা অজ্ঞাত, শাকু (৫৬), পিতা মৃত ইদ্রিস আলী, সেকেন্দার (৪৮), পিতা অজ্ঞাত ও রনি (২৫), পিতা অজ্ঞাতসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র দা, রামদা, লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে তাদের পথরোধ করে।
অভিযোগে বলা হয়, সেন্টু লোহার রড দিয়ে লিখনের মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করলে সে মারাত্মক ফাটা রক্তাক্ত জখম হয়। পরে ইকবাল হোসেন রামদা এনে সেন্টুর হাতে দিলে সেন্টু বাধনের মাথায় কোপ দিতে গেলে নুপুর বেগম বাধা দিলে তার বাম হাতের কব্জিতে কোপ লাগে এবং তিনি গুরুতর আহত হন। একই সময় শফি রামদা দিয়ে শিউলী আক্তারের মাথায় কোপ দিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে।
এছাড়া অভিযুক্ত ইসমাইল হোসেন, সবুজ ও সেকেন্দার নুপুর বেগমকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার একপর্যায়ে সেন্টু নুপুর বেগমের গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৩ লাখ টাকা) ছিনিয়ে নেয় এবং শফি শিউলী আক্তারের গলার এক ভরি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ২ লাখ টাকা) লুট করে নেয়।
ভুক্তভোগীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত নুপুর বেগম, তার দুই ছেলে বাধন ও লিখন এবং শিউলী আক্তারকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page