
নিজস্ব প্রতিনিধি :
সুদানের আবাই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য নিহত হয়েছেন এবং আরও আটজন সদস্য গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি সেনারা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে দুর্গম এলাকা হওয়ায় এবং সেখানে নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিস্তারিত তথ্য সংগ্রহ ও যোগাযোগে বিঘ্ন ঘটছে।
সেনাবাহিনীর সূত্র জানায়, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে জাতিসংঘ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিহত সেনাসদস্যদের পরিচয় ও অন্যান্য আনুষ্ঠানিক তথ্য যাচাই-বাছাই শেষে জানানো হবে বলে আইএসপিআর জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্ব শান্তি রক্ষায় দীর্ঘদিন ধরে জাতিসংঘ মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page