
নিজস্ব প্রতিনিধি :
ভিয়েতনামের মধ্যাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি, নিখোঁজ হওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফ্যাম মিন চিনহের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা লিখেছেন, ‘ভিয়েতনামের মধ্যাঞ্চলে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় একশোরও বেশি মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়া এবং কৃষি ও অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।’
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শোকবার্তাটি প্রকাশ করা হয়।
শোকবার্তায় প্রফেসর ইউনূস বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এ ট্র্যাজেডিতে আহত ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহমর্মিতা ও সমর্থন রইল।’
তিনি আরও বলেন, ‘একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে আমরা এমন দুর্যোগে মানবিক কষ্ট ও অর্থনৈতিক বিপর্যয় গভীরভাবে উপলব্ধি করি। এই শোকের মুহূর্তে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা আশা করি। ভিয়েতনাম দ্রুতই এই বন্যার ধাক্কা কাটিয়ে পুনর্গঠনে সফল হবে—এ প্রত্যাশা করি।’
প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনে বাংলাদেশ ভিয়েতনামকে সকল ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page