
নিজস্ব প্রতিনিধি :
প্রথম আলোর উদ্যোগে পরিচালিত একটি জাতীয় জনমত জরিপে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের অধিকাংশ মানুষ। ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’ শিরোনামের এই জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড।
জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী—প্রায় ২৬ শতাংশ উত্তরদাতা মনে করছেন দলটি এবার বড় আকারে আসন পেতে পারে। আওয়ামী লীগকে সবচেয়ে বেশি আসন পাবে বলে মত দিয়েছেন মাত্র ৭ শতাংশের কিছু বেশি মানুষ; বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
জরিপে দেশের জন্য কোন দল জয়ী হলে ভালো হবে—এমন প্রশ্নে ৫৭ শতাংশ মানুষ বিএনপির পক্ষে মত দিয়েছেন। প্রায় ৩৩ শতাংশ মনে করেন, জামায়াতে ইসলামী জিতলে দেশের জন্য ভালো হবে। আওয়ামী লীগের পক্ষে মত এসেছে ৮ শতাংশ মানুষের।
দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম/আধা-শহরাঞ্চলের ১৮–৫৫ বছর বয়সী ১,৩৪২ জনের মতামত নিয়ে জরিপটি করা হয় ২১ থেকে ২৮ অক্টোবর। গবেষণা প্রতিষ্ঠান জানায়, এটি সামগ্রিকভাবে দেশের প্রতিনিধিত্বমূলক একটি মতামত জরিপ, যার নির্ভরযোগ্যতার মাত্রা ৯৯ শতাংশ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page