
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা–১৭ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই বিএনপি সমর্থিত প্রার্থী আন্দালিব রহমান পার্থর পোস্টার–ব্যানার ছেঁড়া এবং জামায়াত–সমর্থিত প্রার্থীর পোস্টার সেঁটে দেওয়া নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে।
যদিও এই আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী দেয়নি, দল বিজেপির গরুর গাড়ি মার্কার প্রার্থী আন্দালিব রহমান পার্থকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের প্রতি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—ধানের শীষের সমর্থিত প্রার্থী হিসেবে পার্থকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করতে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি–সমর্থিত কিছু নেতাকর্মীর সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের এখনো পূর্ণ সমন্বয় তৈরি হয়নি। কয়েকজনের বিরুদ্ধে আচরণগত অভিযোগও উঠেছে। এ বিষয়ে বিজেপি ফোরাম জানিয়েছে—যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে মাঠপর্যায়ে উত্তাপ তৈরি করেছে পোস্টার–ব্যানার ছেঁড়ার ঘটনা। ক্যান্টনমেন্ট, মাটিকাটা, মানিকদী, বালুঘাট, বনানী ও ভাষানটেক এলাকায় রাতে বিএনপি সমর্থিত প্রার্থীর ব্যানারের ওপর জামায়াতের প্রার্থীর পোস্টার লাগানো এবং পোস্টার ছেঁড়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে আন্দালিব রহমান পার্থ নির্বাচন কমিশন ও আইন–শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন—
“নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে আমি দলের সভাপতি ও দায়িত্বশীল নেতাদেরও বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছি।”
স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী মাঠে এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধান আশা করছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page