মো: মাসুম বিল্লাহ,প্রতিনিধি ,খুলনা।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমীর এজাজ খান।
আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আমীর এজাজ খানের নাম ঘোষণা করেন।
এর আগে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। সেদিন শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
২০০১ সালে প্রথমবার খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন পান আমির এজাজ খান। সে নির্বাচনে তিনি পান ৪৭ হাজার ৫২৩ ভোট। পরবর্তীতে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তাঁর ভোট সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬৮ হাজার ৪২০। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে তিনি ২৮ হাজার ৩৩২ ভোট লাভ করেন।
দীর্ঘ প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি দাকোপ–বটিয়াঘাটা এলাকায় কাটিয়েছেন। এলাকায় মামলা-হামলার ভীতিকে উপেক্ষা করে সবসময় মাঠে থাকার কথাও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, “প্রায় ৩০ বছরের রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় আমার এই এলাকায় কেটেছে। দাকোপ একটি ভাঙনকবলিত এলাকা, এখানকার উন্নয়ন প্রয়োজন। বটিয়াঘাটা উপজেলা দাকোপের সঙ্গে সংযুক্ত। সে তুলনায় দাকোপে কোনো উন্নয়ন হয়নি আর বটিয়াঘাটায় নামে মাত্র উন্নয়ন হয়েছে। তবে আমি নির্বাচনে বিজয়ী হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব।”
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আমির এজাজ খান বলেন, আমি সব সময় মাঠেই ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। ধানের শীষ নিয়ে লড়তে প্রস্তুত।
খুলনার ৫টি আসনে প্রার্থীরা হলেন, খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page