নাসরিন আক্তার বিশেষ সংবাদদাতা:
বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন লঞ্চঘাট এলাকায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন—
“দেশ আজ গভীর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো সাহসী নেতৃত্ব এখন সবচেয়ে বেশি প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল লিটন, পিপিপির সভাপতি মিজানুর রহমান কিসলু, হেফাজতে ইসলামের সভাপতি মাস্টার সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন— রাজনৈতিক মতভেদ থাকলেও একজন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা সবার নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন কারাবন্দি রাখা ও যথাযথ চিকিৎসা না পাওয়াকে তারা মানবাধিকার লঙ্ঘন বলেও উল্লেখ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, অ্যাডভোকেট নুরুল আমিন,এ্যাড. মোঃ রেজবুল কবির, বাবুল হাওলাদার, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, শারমিন সুলতানা আসমা,সালমা খানম পুতুল, আবুল কালাম আজাদ, জাফরুল হাসান জাফর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মাওলা জাহিদ।
দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীদের চোখে ছিল আবেগ— আর কণ্ঠে ছিল একটাই প্রার্থনা—
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জাতির নেতৃত্বে ফিরে আসেন।
নাসরিন আক্তার
বরগুনা
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page