
শেরপুর প্রতিনিধি :
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে আগামী ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা ১০ দিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবার কল্যাণ কর্মীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার
(২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মসূচি পালন করেন পরিবার কল্যাণ বিভাগের কর্মীরা। এসময় তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের মাধ্যমে তাদের আন্দোলন শুরু করেন।
কর্মসূচি সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক চরশেরপুরের মো. নবি হোসেন, ধলার সাজ্জাদুর রহমান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রোকসানা বেগম, পরিবার কল্যাণ সহকারী চরশেরপুরের আলফাতুন নেছা, ভাতশালার সাজদাই জান্নাত, চরমোচারিয়ার শারমিন সুলতানা রাকাসহ সদর উপজেলার সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে প্রায় ৩৩ হাজার ৭১০ জন পরিবার কল্যাণ কর্মী বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা প্রদান, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া, প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি সেবা ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তবে দুঃখজনক হলেও সত্য, চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত থাকলেও তাদের জন্য এখনো কোনো নির্দিষ্ট নিয়োগবিধি নেই। ফলে পদোন্নতি, বেতন গ্রেড উন্নয়নসহ চাকরিগত নানা সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। বিষয়টি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তারা অবিলম্বে নিয়োগবিধি প্রণয়ন, পদোন্নতির সুস্পষ্ট কাঠামো নির্ধারণ ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি জানান।আরো বলেন কেউই সাধারণ জনগণের ভোগান্তি চাই না তাই দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আশায় রয়েছেন তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন বক্তারা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page