নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে যথোপযুক্ত সময়ে তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩০ নভেম্বর) জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়েও চিকিৎসকদের যে বোর্ড সেখান থেকে কোনো পরামর্শ দেয় হয় নি। তাদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তাদের কাছ থেকে শুনেছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয় নি। উন্নতিও যে হয়েছে এরকম খবর আমরা পাইনি।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে বেশ উদ্বেগে আছেন তারেক রহমান। মেডিকেল বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। তিনি নিজে ঘুমানোর সময়টুকুও পাচ্ছেন না। তবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে তারেক রহমান যখন সময় হবে তখনই দেশে আসবেন।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘বিজয়ের মাসে বিজয় মশাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবরর্তে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসী ও দলের নেতাকর্মীরা দোয়া করছেন তা অব্যাহত থাকবে।’
এর আগে শনিবার (২৯ নভেম্বর) গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page