
শাওন আহম্মেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড প্রতিনিধি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় দয়াময়ী ফুটবল মাঠে নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২৫ কুড়িগ্রাম–১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হারিসুর বারী রনি। তিনি বলেন, “ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়, সত্য ও সুবিচারের সমাজ গঠনই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ তৈরিতে ইসলামী আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীরাই সংগঠনের মূল ভিত্তি। জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা বুঝে সমাধানে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের অবস্থান আরও দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন্দ বলেন, ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন কর্মীদের নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা দেয়। তিনি শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি এডভোকেট হাসিবুল ইসলাম তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে সংগঠনকে আরও গতিশীল করার ওপর জোর দেন।
যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, সংগঠনের কাঠামো শক্তিশালী করতে প্রত্যেক কর্মীকে আদর্শিক দৃঢ়তা ও সংগঠনের প্রতি আন্তরিকতা প্রদর্শন করতে হবে।
সম্মেলনে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের নেতৃবৃন্দসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি হাজারো সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page